আইনমন্ত্রী

জুলাই সনদেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হবে

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

জুলাই সনদেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩ অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেই অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে বাকি যেগুলো আছে সেগুলো সংশোধনের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে, যে সংশোধনগুলো করার দরকার, আমরা সেগুলো করব।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মো. আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনগত যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো। তিনি দেশে আসলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। এখন যথাযথভাবে আইনগতভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ অন্যান্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত