নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি, সকল শিক্ষককে শোকজ 

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

মাধবপুরে শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর রায় সহ সকল শিক্ষককে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার কারনে কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রতনপুর ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ৩টার সময় রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনা না করে বিদ্যালয় ছুটি দিয়ে সব শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন যা সম্পূর্ণ বিধিবহির্ভূত ও অসদাচরণের শামিল। এ অবস্থায় সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ায় প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিয়ে তা ব্যাখ্যা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নোটিশে। 

উপজেলা সহ শিক্ষা অফিসার কবির হোসেন বলেন, নোটিশের জবাব পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফখরুজ্জামান জানান, আমরা বারবার প্রধান শিক্ষককে বলেছি বিদ্যালয়টি যেন নিয়মনীতির মধ্যে পরিচালিত হয়। কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যা খুবই দুঃখজনক। 

প্রধান শিক্ষক রনধীর রায় এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত