পঞ্চায়েত কমিটির নির্বাচন ও মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছে হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা। শনিবার (১ আগস্ট) সকালে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে যাত্রাস্থানে গিয়ে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত মজুরি দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত পঞ্চায়েত কমিটির নির্বাচন ও মজুরি বৃদ্ধির কোনো বিকল্প নেই।
একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাঁতি, সাধারণ সম্পাদক লালন পাহান, শ্রমিক নেতা স্বরজীত পাশি, জুলো বুনার্জী ও মালতী পাশি।
এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে জানতে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিনের ফোনে কয়েকবার কল করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
