নাটোরের লালপুরে একটি হিন্দুপাড়ার কয়েকটি পরিবারের উদ্দেশ্যে লিখা এক চিরকুটের মাধ্যমে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সেভেন স্টার নামে কথিত একটি দুর্বৃত্ত গ্রুপ। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় ওই চিরকুটে।
রবিবার (২ আগস্ট) এ ঘটনা প্রকাশ্যে আসার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ওই এলাকার বাসিন্দারা জানায়, ১ আগস্ট দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা একটি হুমকিমূলক চিঠি রেখে যায়। রাত প্রায় ১১টার দিকে নারায়ণ পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুরো পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চিঠিতে প্রতিটি হিন্দু পরিবারকে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে টাকা না পাঠালে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। একটি পরিবারে পৌঁছানো চিঠি অন্য পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশনা দেয়া হয় ওই চিরকুটে।
নারায়ণ কুমার পাল জানান, ঘটনার পর থেকে তারা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকিপত্রের উৎস শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, হুমকির শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহযোগিতার ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
