সিডনির পর এবার মেলবোর্ন মাতাবেন রুনা লায়লা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ একযুগ পর অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করছেন। সেখানে বেশ কয়েকটি ভেন্যুতে একের পর এক পারফর্ম করবেন তিনি। গত সেই ধারাবাহিকতায় আগামী শনিবার মেলবোর্ন মাতাবেন জীবন্ত এই কিংবদন্তি।  সেখানেও প্রবাসীরা সাড়া দেবেন বলে আয়োজকরা আশা করছেন। 

এর আগে গত শনিবার (১ আগস্ট) অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে উঠে গান ও সুরের জাদুতে দর্শকমনে উন্মাতাল ঢেউ তুলে দেন রুনা লায়লা।  ‘লিসেন ফর’ এর আয়োজনে শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে তাকে একনজর দেখতে আর সরাসরি গান শুনতে জড়ো হন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানটি রূপ নেয় সিডনির প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলায়। 

অনুষ্ঠানে রুনা লায়লার পরিবেশনা ছিল সব শেষে। মঞ্চে এসে দাঁড়াতেই তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শক। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে শুনিয়েছেন তিনি। এছাড়া ‘দমাদম মাস্ত কালান্দার’ গাওয়ার সময় দর্শকরাও গলা মেলান রুনা লায়লার সঙ্গে। মঞ্চে রুনা লায়লার সঙ্গে বাজিয়েছেন সাত সদস্যের যন্ত্রীদল।প্রতিটি পরিবেশনার পর দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। 

এর আগে ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন রুনা লায়লা। এর পর ২০১৪ সালে ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত