আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয় ছাড়া নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য হলো আধুনিক জ্ঞান ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও দক্ষতায় সমৃদ্ধ করবে।
সেনাপ্রধান বলেন, আজ যদি শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তোলা যায়, তাহলে আগামী ৩০ বছর পর দেশ একটি সুস্থ, আদর্শ ও সুশৃঙ্খল জাতি পাবে।
তার ভাষ্য, বর্তমান আধুনিক শিক্ষায় ইসলামি মূল্যবোধের ঘাটতি রয়েছে। অন্যদিকে ইসলামি শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামি শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। এ কারণেই দুই ধারার শিক্ষার সমন্বয় সময়ের দাবি।
তিনি আরো বলেন, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।
আজ একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরো সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন সেনাপ্রধান।
ইসলামে জ্ঞান চর্চার গুরুত্ব