আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতিতে নতুন গতি আনছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম ধাপের ৩৮ সদস্যের ক্যাম্প থেকে পারফরম্যান্স ও ফিটনেস মূল্যায়নের ভিত্তিতে মঙ্গলবার ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, যিনি প্রায় ১৮ মাস পর জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন।
দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু হওয়ার পর আগামী ১২ আগস্ট জার্মানির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে প্রায় এক মাসের আবাসিক ক্যাম্পে অংশ নেবেন খেলোয়াড়রা। ক্যাম্প চলাকালে ইউরোপের বিভিন্ন ক্লাব ও দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতিকে আরও শাণিত করবে বলে আশা করছে ফেডারেশন।
হকি ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের ক্যাম্পে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জার্মানিতে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
এবারের এশিয়ান গেমসে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান এশিয়ান শক্তিধর ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তাই শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবিলার আগে জার্মানির দীর্ঘমেয়াদি প্রস্তুতি ক্যাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলীয় ব্যবস্থাপনা।
ঘোষিত ২৪ সদস্যের দল
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান শুভ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বী, আবেদ উদ্দিন, শাহিদুর রহমান সাজু, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা মিমো, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।
৪২০ কোটি দাবি ভিনিসিয়ুসের, রিয়াল দিতে চায় ৩০৮