বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে আহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগরে একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। এ সময় জলদস্যুরা প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার শিকার ট্রলারটির নাম এফবি মিম। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

আহতদের মধ্যে তিনজনকে অন্য জেলেরা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে এবং গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০)-কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র দিয়ে জেলেদের ওপর হামলা চালায় এবং মাছ, জাল, জ্বালানি তেলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌপুলিশের সরাসরি আওতাভুক্ত না হলেও আমরা আহত জেলেদের খোঁজখবর নিয়েছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত