বিয়ের ৫ মাস যেতেই ডিভোর্সের পথে রণজয় ও শ্যামৌপ্তি!   

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

ওপার বাংলার জনপ্রিয় টিভি তারকা দম্পতি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির রূপকথার বিয়ে চলতি বছরের শুরু থেকেই আলোচনা। ফেব্রুয়ারিতেই বিয়ে করেন তারা। কিন্ত ৫ মাস যেতেই দুজনের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে। গ্ল্যামার দুনিয়ার ডিভোর্স-বিচ্ছেদ এগুলো ‘কমন-ব্যাপার’ হলেও বিয়ের মাত্র ৫ মাসে এমন রটনার জেরে হইচই টলিপাড়ায়। একদিকে শ্যামৌপ্তির সঙ্গে এক ক্যাফে মালিকের বিশেষ বন্ধুত্ব নিয়ে কানাঘুষা চাউর হয়েছে, তেমনই ‘প্রতিজ্ঞা’ নায়িকা অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের অফস্ক্রিন রসায়ন জল্পনা। 

বিচ্ছেদের জল্পনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণজয় বিষ্ণু পরকীয়ার খবর একপ্রকার উড়িয়ে দিয়েছেন প্রতিজ্ঞার অভিকা। তিনি বলেন, ‘আমি খুব অবাক…কেন এমন লেখা হলো? কেউ আমাদের এই সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেনি (ডিভোর্সের ব্যাপারে)। আমার সঙ্গে কথাও হয়েছে শ্যামৌপ্তির।’ 

অভিকার সঙ্গে প্রেমের রটনা নিয়ে রণজয় বলেন, ‘লোকে নেটে বসে ১০টা কথা লিখল। রোমান্টিক সিরিয়াল হলে দর্শকের উচ্ছ্বাস থাকতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তা বলে লোকে সেটা নিয়ে নিজে স্পেকুলেসান করে লেখা শুরু করল সেটা তো হবে না। তাতে কি সত্যি পাল্টে যাবে? আমি যদি কারুর (অভিকার) সঙ্গে প্রেম করি তাহলে তো লুকিয়ে প্রেম করব, তাহলে কি রোজ ছবি দেব? আমার বুদ্ধি কি হাঁটুর নীচে? আমি কি ওপেনলি প্রেম করব। এটা অটোরিটি আছে (চ্যানেল, প্রোডাকশন হাউজ) তারা চায় আমরা ছবি দিই, সেখানে তো আমি বলার জায়গায় নেই যে ছবি দেব না….আমি কি পাগল, আমি তো সুস্থ একটা লোক।’ 

পেশাগত কাজের সূত্রে তৈরি হওয়া সম্পর্ককে মিডিয়া ও নেটিজেনরা অহেতুক 'প্রেমের সম্পর্ক' বানিয়ে রূপ দিয়েছিল বলে ইঙ্গিত দেন অভিনেতা। রণজয় জল্পনা উড়িয়ে দিলেও নেটপাড়ায় এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। সূত্রের খবর, শ্যামৌপ্তি নাকি মাস কয়েক হলো নিজের বাবা-মা'র সঙ্গেই থাকছেন। ফুলপিসি ও এডওয়ার্ডের প্রিমিয়ারের পর আর রণজয়ের সঙ্গে দেখা যায়নি শ্যামৌপ্তিকে। সোশ্যাল মিডিয়া যখন দুজনের বিচ্ছেদের আলোচনায় তোলপাড় তখনও ঐশ্বর্য সেনের জন্মদিনের পার্টিতে একাকী শ্যামৌপ্তি। সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন নায়িকা। 

ডিভোর্স প্রসঙ্গে শ্যামৌপ্তির কাছে প্রশ্ন রাখা হলে তিনি অবশ্য রণজয়ের মতো সবটা উড়িয়ে দেননি। শুধু বলেছেন, ‘এই সম্পর্কে এখনই কোনও কথা বলতে আমার রুচিতে বাঁধছে’। রণজয়-পত্নীর এমন বাঁকা জবাব নিয়ে প্রশ্ন অনেকের মনেই। তবে রণজয় সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে জানান, সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ কখনোই কারও ব্যক্তিগত সম্পর্কের একমাত্র প্রমাণ হতে পারে না এবং তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিজের কাজ ও ক্যারিয়ারেই মন দিতে চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত