পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পিচুরিয়া থেকে পাথালিয়া গ্রামের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ইমন তালুকদার (১৭) গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। ইমন ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজারের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রায়হান (২০) নিহত হন। তিনি পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া বাজারে ফুটবল খেলা দেখে ফেরার পথে একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে রায়হান ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হন। আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত