মেহেরপুরের গাংনীর একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইন বক্স সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বেতবাড়িয়া গ্রামের থেকে মাইন সদৃশ বস্তুগুলি উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রামবাসী সাব্বির মোল্লা জানান, বেতবাড়িয়া গ্রামের কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। পরে আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে মোট ১০টি ল্যান্ড মাইন সাদৃশ বস্তু এবং ৫টি খালি বক্স বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারস্থলে নিরাপত্তা বলয় গড়ে তুলে এলাকা ঘিরে ফেলে।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কিনা, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো সক্রিয় কিনা।
ওই গ্রামের বাসিন্দা গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম টকি বলেন, এই গ্রামের নদী পেরুলেই ৪ মাইল দূর ভারতের পশ্চিমবঙ্গের বেতাই শহর। ৭১ সালে এই গ্রামের ভ্যানগাড়ি মাঠে সন্মুখ যুদ্ধ হয়েছিল। পাক সেনাসহ অনেক মুক্তিযোদ্ধা মারা গিয়েছিল। উদ্ধারকৃত মাইনের গায়ে পাকিস্তান লেখা আছে।
