রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনের অন্যতম জনপ্রিয় খেলা পাতিল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরনো ঐতিহ্য ধরে রাখতে শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে স্থানীয় যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম।

ঘটনাস্থলে ঘুরে দেখা গেছে, প্রতিযোগিতায় ৯ প্রতিযোগী অংশ নেন। নির্ধারিত নিয়মে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রতিযোগিতায় বিজয়ী হন দিঘুলিয়া গ্রামের সোলমান মিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেন কেরাবো গ্রামের নুরুল হক ও তৃতীয় স্থান পান কলাতলী গ্রামের আলামিন ।

প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার ছিল  মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি ঘড়ি দেওয়া হয়।

প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীরা জানায, পাতিল দৌড় খেলাটি একটি ঐতিহ্যবাহী খেলা। বিভিন্ন হাউজিং কোম্পানিরা পুকুর নালা বালু ভরাট করে ফেলেছে। ছোট ছোট পুকুরগুলোতে এখন খেলা হচ্ছে।  বর্তমানে এই খেলাটি যেন টিকিয়ে রাখা যায় সেই দাবি সকলের।

প্রতিযোগিতার আয়োজক ব্যবসায়ী দেওয়ান আশরাফুল বলেন, আমাদের এলাকার যুবকদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য আমরা এই পাতিল দৌড় খেলার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, হাডুডু টুর্নামেন্ট খেলার আয়োজন করে থাকি। এতে সকল দর্শকরা আনন্দ পায়। ভবিষ্যতেও এই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমাদের।

সংশ্লিষ্টরা জানায়, একসময় বর্ষার মৌসুম আসলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জমে উঠতো বাতিল ও নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের খেলা। এখন শিল্পকলা কারখানা, নগরায়নসহ বিভিন্ন হাউজিং প্রকল্পের কারণে পানি শূন্য হয়ে পড়েছে। যার ফলে এখন আর সেই ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্তির পথে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত