যশোর রেলস্টেশন সংস্কারসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন চালুসহ যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ রেলওয়ের মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেন চালুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে। পাশাপাশি যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার, পার্কিং এরিয়া ও দ্বিতীয় প্ল্যাটফর্মের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।

নেতৃবৃন্দ জানান, যশোরসহ আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগের প্রধান অবলম্বন যশোর জংশন। এখান থেকে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল করে। এছাড়া বেনাপোল ও কলকাতা থেকে আসা বিদেশি যাত্রীদের ঢাকায় যাতায়াতের ক্ষেত্রেও যশোর জংশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার অবস্থা অত্যন্ত নাজুক। পাশাপাশি দুই নম্বর প্ল্যাটফর্মে ছোট একটি ছাউনি থাকায় রোদ-বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়া আধুনিকায়ন এবং দুই নম্বর প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ ছাউনি নির্মাণের দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জাতীয় হকি কোচ কাওসার আলী, সদস্যসচিব প্রকৌশলী রুহুল আমিন, কমিটির নেতা হাচিনুর রহমান, হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন, মোস্তাফিজুর রহমান কবির প্রমুখ।

স্মারকলিপি গ্রহণ করে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, যথাযথ মাধ্যমে তিনি স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত