ময়মনসিংহের নান্দাইলে একটি সেতুর নিরাপত্তা গার্ডার ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সেতুটি এখন চালক ও পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিয়াপাড়া বাজারসংলগ্ন ব্রিজে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াপাড়া বাজারসংলগ্ন মঘা নদীর ওপর নির্মিত সেতুটির পশ্চিম পাশের নিরাপত্তা গার্ডারটি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। প্রায় ২০–২৫ দিন আগে হঠাৎ একদিন গার্ডারটি সম্পূর্ণ ভেঙে নদীতে পড়ে যায়। এরপর থেকেই ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা সুজন মিয়া জানান, ফুটবল বিশ্বকাপের ফাইনালের দু-এক দিন আগে হঠাৎ সেতুটির পশ্চিম পাশের নিরাপত্তা গার্ডারটি সম্পূর্ণ ভেঙে নদীতে পড়ে যায়। এরপর থেকে প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন সেতুটি দিয়ে চলাচল করছে।
অপর স্থানীয় বাসিন্দা বুলবুল জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন কানুরামপুর বাজার থেকে কালিয়াপাড়া বাজার, সংগ্রামখালী বাজার, একতা বাজার, খারুয়া ও দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে প্রতিদিন শত শত ইজিবাইক, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
এ ছাড়া স্থানীয় কালিয়াপাড়া বাজার, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন পায়ে হেঁটে সেতুটি পারাপার হয়। সেতুটির এক পাশের নিরাপত্তা গার্ডার না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সেতুটির নিরাপত্তা গার্ডার মেরামতের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
