বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

বগুড়ায় ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণ (১৯)। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর উপজেলার ইছাইদহ এলাকায় এ ঘটনা ঘটে।

অন্যরা নদী থেকে উঠে এলেও তিনি আর ওঠেননি। একপর্যায়ে বন্ধুদের চোখের সামনেই করতোয়া নদীতে তলিয়ে যান তিনি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে।

নিখোঁজ মুহিব হাসান শ্রাবণ ইছাইদহ এলাকার মামুন প্রামাণিকের ছেলে। তিনি বগুড়ার জয়নুল আবেদীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ১০ থেকে ১৫ জন বন্ধু মিলে ইছাইদহ এলাকায় ফুটবল খেলেন। খেলা শেষে তারা দল বেঁধে করতোয়া নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বন্ধুরা খেয়াল করেন, মুহিব তাঁদের সঙ্গে নেই। নদীতে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে স্থানীয়দের খবর দেন তাঁরা।

খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে মুহিবকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পরে বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও মুহিবের সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধারে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। বিকেল ৫টার দিকে রাজশাহীর বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে করতোয়া নদীতে তল্লাশি শুরু করে।

বগুড়া সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার বলেন, ‘ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মুহিব পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত