আলমাদার রিভার প্লেটের ট্রান্সফার বানচালের চেষ্টা করেছিলেন তাপিয়া! 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি সাইনিং হিসেবে রিভার প্লেটে নাম লিখিয়েছেন থিয়াগো আলমাদা। আতলেতিকো মাদ্রিদের কাছ থেকে ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২৫ বছর বয়সি এই বিশ্বজয়ী তারকাকে দলে ভেড়াতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ক্লাবটিকে।

তবে ফ্ল্যামেঙ্গোর মতো ক্লাবকে পেছনে ফেলার পাশাপাশি রিভার প্লেটের এই ঐতিহাসিক দলবদলের নেপথ্যে বড় এক ষড়যন্ত্রের খবর সামনে এসেছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সে যাওয়ার জন্য আলমাদাকে প্রভাবিত করার ও এই ট্রান্সফার বানচাল করার চেষ্টা করেছিলেন খোদ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া!

প্রতিবেদনটির সূত্রমতে, আলমাদার রিভার প্লেটে যোগ দেওয়ার বিষয়টি যখন প্রায় চূড়ান্ত, ঠিক সেই সময়ই এএফএ প্রধান এই ট্রান্সফার বানচাল করার চেষ্টা চালান। আলমাদার সঙ্গে সুসম্পর্ক থাকা তাপিয়া তাকে ফোন করে রিভার প্লেটের পরিবর্তে বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এএফএ প্রেসিডেন্টের সঙ্গে বোকা জুনিয়রসের সভাপতি হুয়ান রোমান রিকুয়েমেলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সম্প্রতি রিভার প্লেটের কার্যনির্বাহী কমিটির মিটিং বর্জন করার ক্ষোভ থেকেই এই হস্তক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

বোকা ও রিভারের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে গত সপ্তাহে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেছিলেন, ‘রোমানের (রিকুয়েমেল) সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, আমরা প্রায়ই দেখা করি; তবে স্টেফানোর (ডি কার্লো) সঙ্গে আমার বেশ কিছুদিন ধরে কথা হয় না।’ 

তাপিয়ার সঙ্গে আলমাদার ব্যক্তিগত সখ্যতা বেশ পুরোনো। বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে চা চক্রে অংশ নেওয়া থেকে শুরু করে সান জুয়ানের দিফুন্তা কোরেয়া মাজারে আলমাডার সফর, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এই তরুণ তারকার সঙ্গে ঘনিষ্ঠতার ছবি প্রকাশ করেছিলেন তাপিয়া। অতীতে আলমাদার সঙ্গে মাজার পরিদর্শনের সেই স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে আর্জেন্টাইন ফুটবল সভাপতি লিখেছিলেন, ‘যে মূল্যবোধ ও বিনয়গুলো তোমাকে সবসময় বিশেষ করে তুলেছে, তা কখনো হারিয়ে ফেলো না, প্রিয় থিয়াগো আলমাদা। দিফুন্তা কোরেয়াতে গিয়ে ধন্যবাদ জানানো এবং প্রার্থনা করা সত্যিই চমৎকার এক অভিজ্ঞতা ছিল।’ 

তবে ব্যক্তিগত সেই সম্পর্কের সুযোগ নিয়ে ঘরোয়া ফুটবলের দলবদলে একজন সভাপতি হয়েও তার এমন পক্ষপাতমূলক আচরণে রিভার প্লেট শিবিরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, এসব বিতর্ক উড়িয়ে দিয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে রিভার প্লেটে যোগ দেওয়ার পর গত সোমবার এজেজার রিভারক্যাম্পে এডুয়ার্ডো কাউডের অধীনে নিজের প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন এই বিশ্বজয়ী মিডফিল্ডার।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত