জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ( ১১ আগস্ট) দুপুরে ওই নারীকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
গত সোমবার (১০ আগষ্ট) দিবাগত রাতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে ২৮ বছর বয়সী মাদক ব্যবসায়ী মৌসুমি বেগমকে আটক করা হয়। তল্লাসী করে তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।
আটককৃত মৌসুমি বালিজুড়ী বাজারের আল আমিনের স্ত্রী। তার নানার বাড়ি বালিজুড়ী পশ্চিমপাড়ায়। সেখানেই স্বামীর সাথে সে বসবাস করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় মাদক কেনাবেচা করছিলেন। পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় বলেন, আটকের পর মৌসুমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
