ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে পরিচালকের কক্ষে বিক্ষোভ করেছেন চিকিৎসকদের একটা অংশ।
এতে কক্ষের ভিতর অবরুদ্ধ হয়ে পড়েন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এসময় রুমের বাইরে পাল্টা অবস্থান নেয় কর্মচারীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে থেকে ২টা পর্যন্ত পদত্যাগের দাবিতে পরিচালকের কক্ষে অবস্থান নেন তারা। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ড্যাবের নেতাদের হস্তক্ষেপে চিকিৎসক ও শিক্ষার্থীরা বের হয়ে যায়। পরবর্তীতে চিকিৎসকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে রওনা হন।
ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, যে বিষয নিয়ে জটিলতা হয়েছিল তা সমাধানের পথে। যে যার কাজে ফিরে গেছেন।
চিকিৎসক ও শিক্ষার্থীরা জানান, হাসপাতালের পরিচালক আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া, দূর্নীতিবাজ। হাসপাতালের এক দুর্নীতিবাজ কর্মকর্তার বদলীর সিদ্ধান্ত হয়। সেই বদলী ঠেকিয়ে দেন পরিচালক। কারণ তারা একসাথে দুর্নীতি করত। এছাড়া পরিচালক ফ্যাসিস্টের দোসর, জুলাইয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে বাধা প্রদান করেছিল।
এদিকে, গতকাল দুপুরে এক প্রশাসনিক কর্মকর্তার বদলীকে কেন্দ্র করে চিকিৎসকরা ওই কর্মকর্তার রুমে তালা মারতে গেলে এক কর্মচারী বাধা দেয়। এতে ওই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠে চিকিৎসকদের বিরুদ্ধে।
