লোহিত সাগরে হুতিদের হামলায় নিহত ৩ পাকিস্তানি

বাণিজ্যিক জাহাজে হামলায় তিন পাকিস্তানি নিহত, আহত আরও একজন। ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও নৌ চলাচলের জন্য বড় হুমকি বলেছে পাকিস্তান।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, কোনো ধরনের যুদ্ধে অংশ না নেওয়া একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।

তিনি বলেন, এ ধরনের হামলা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা, সমুদ্রপথের নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুতর হুমকি তৈরি করে।

পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক আরও জানান, ঘটনাটি নিয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। নতুন এই হামলায় পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে ইসলামাবাদের উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত