দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা পাচারের সময় মোঃ ইব্রাহিম (২৪) নামের এক যুবককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১২ আগষ্ট) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। গাঁজাসহ মাইক্রোবাস ও এর চালককে আটক করে থানায় নেওয়া হয়।
চালক ইব্রাহিম মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম। আটক ইব্রাহিম কুমিল্লা সদর দক্ষিণ থানার শ্যামবকসি গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশে একটি টয়োটা হাইস মাইক্রোবাসে (ঢাকা মেট্টো-চ-১৫-৮১৮১) তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে কালো পলিথিন ও কস্টিপ দিয়ে পেচানো আড়াই কেজির ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। পরে চালক ইব্রাহিমকে আটক করা হয়।
ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, আটক ইব্রাহিমের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।