রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়ার পণ্যবাহী জাহাজ জব্দ করা অব্যাহত রাখে, তবে রাশিয়াও পাল্টা ইউরোপের জাহাজ জব্দ করবে।
শুধু তাই নয়, ইউরোপকে উচিত জবাব দিতে রাশিয়ার নৌবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
সম্প্রতি পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তেল বহনকারী রাশিয়ার বেশ কয়েকটি জাহাজ আটকে দেয় ইউরোপ। এমনকি তারা এসব জাহাজ থেকে জব্দ করা তেল বা পণ্য বিক্রি করে দেওয়ারও অনুমতি পেয়েছে।
এই ঘটনাকে ‘জলদস্যুতা ও ডাকাতি’ আখ্যা দিয়ে পুতিন বলেছেন, এমনটা চলতে থাকলে রাশিয়াও যেখানে প্রয়োজন সেখানে পাল্টা ব্যবস্থা নেবে।
প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর এক মহড়া চলাকালে এই হুঁশিয়ারি দেন পুতিন। একইসঙ্গে তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এশিয়া অঞ্চলে সামরিক তৎপরতা ও উত্তেজনা বাড়ানোর জন্য দায়ী করেছেন।
এদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।