ডারউইন টেস্টে স্বপ্নের মতো একটি দিন পার করেছে বাংলাদেশ দল। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বাগতিকদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার ১০ উইকেটের সবগুলোই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এর মধ্যে একাই ৬ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।
আগুনঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে নাস্তানাবুদ করেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের হাসান বলেন, “ম্যাচের মধ্যে ট্রাভিস হেড অনেকবার বলেছে, ‘ভালো বোলিং।’ নাথান লায়নও জিজ্ঞেস করছিল, ‘তোমার কয়টা পাঁচ উইকেট আছে?'।”
অস্ট্রেলিয়ার মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বল করাটা যে বড় চ্যালেঞ্জ, সেটিও মনে করিয়ে দিয়েছেন হাসান। তবে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন তিনি। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর বলেন, 'আসলে বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে বোলিং করাটা খুবই চ্যালেঞ্জিং। আমাদের সর্বশেষ অনুশীলন ও প্রস্তুতির দিক থেকে খুবই ভালো হয়েছে সবকিছু। অনেক দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। বোলাররা খুবই ভালো অনুশীলন করেছে এবং ম্যাচেও সেটা দেখতে পেরেছেন।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটের মধ্যে কোনটি সবচেয়ে বেশি স্মরণীয়? এমন প্রশ্নে হাসানের পছন্দ অজি অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথের উইকেট। একপ্রান্ত আগলে খেলে ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন তিনি। কীভাবে সেই উইকেট পেয়েছেন, সেটিও ব্যাখ্যা করেন হাসান, 'আমার কাছে সবগুলো উইকেটই বিশেষ। কারণ পাঁচটা উইকেট না হলে তো আর পাঁচ উইকেট হয় না। তবে অবশ্যই স্মিথের উইকেটটা বলব। সে বুঝতে পারছিল না আমি কী করতে যাচ্ছি। আমার সহজাত প্রবৃত্তি কাজ করছিল যে, সে কিছু একটা করতে যাবে। তাই আমি বাউন্সার করছিলাম। পরে সে বলটা মিস করেছে।'
টেস্ট ক্রিকেটে দারুণ দিন বাংলাদেশের