মানিকগঞ্জের শিবালয়ে মাদক সেবনের সময় হেরোইনসহ দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা এলাকা থেকে শুক্রবার (১৪ আগস্ট) তাদেরকে ধরা হয়।
আটকরা হলেন ওই এলাকার মো. মতিউর রহমান (৪০) ও মো. রাকিব (১৯)।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুইজনকে ধরে তল্লাশি চালান। এ সময় তাদের কাছ থেকে দুই পুরিয়া হেরোইন পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের শিবালয় থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটক দুই ব্যক্তি বর্তমানে শিবালয় থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।