বার্তাটা দিতে পেরেছেন বলে দাবি শান্তর

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দল। এর আগে সে দেশে সাদা পোশাকে মাত্র একটি সিরিজে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান দলের কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার টেস্টের স্বাদ পাননি। সে আক্ষেপ থেকেই এবার ঢাকা ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সম্মানের জন্য লড়াই করবেন তারা। অজিদের এতটাই 'টাফ টাইম' দেবেন যে, পরেরবার টেস্ট খেলতে যেন এত সময় আর অপেক্ষা করতে না হয়। এমন চ্যালেঞ্জের শুরুতেই সফল সফরকারীরা। ডারউইন টেস্টে জিতে এবার শান্ত জানান, বার্তাটা দিতে পেরেছেন তারা।

৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর শান্ত বলেন, 'অবশ্যই আমার মনে হয়, আমরা বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দিতে পেরেছি যে, আমরা যেকোনো কন্ডিশনে ভালো খেলার সক্ষমতা রাখি। আমার মনে হয়, ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে। কারণ ওই সুযোগটা যখন আমরা পাবো, তখন আমাদের দক্ষতা আমরা প্রদর্শন করতে পারবো।' এরপর শান্ত যোগ করেন, 'এই জয়টা আমাদের ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জন্য অনেক ভালো একটা স্মৃতি হয়ে থাকবে এবং সবাই আমাদেরকে এরকম কন্ডিশনে খেলার জন্য আরও বেশি বেশি আমন্ত্রণ জানাবে।'

জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২২ সালে নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে আসেন শান্তরা। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেন তারা। এছাড়া টেস্ট তো বটেই, অন্য দুই সংস্করণেও অনেক বড় বড় ম্যাচ জয় ও অর্জন আছে বাংলাদেশের। তবে শান্ত মনে করেন, দেশের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় সাফল্যটা এবারই পেয়েছেন তারা।

এ নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমার কাছেও সেটাই মনে হয়। বাংলাদেশ ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে আমাদের অনেক বড় বড় জয় আছে কিন্তু। আমি বলব যে, এখন পর্যন্ত এটা বাংলাদেশের সবথেকে বড় জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল।'

তবে আবেগে ভেসে যাচ্ছেন না শান্ত, 'আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি। এটা আমার ব্যক্তিগত স্বভাব। অবশ্যই উদযাপন হয়েছে। ড্রেসিংরুমে আমরা অনেক উপভোগ করেছি। আরও করব। কিন্তু আমার মনে হয় যে, কাজ অর্ধেক হয়েছে বলব না, ভালো ক্রিকেট খেলেছি। পরের টেস্টটা ভালো ক্রিকেট খেলতে চাই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত