আবাহনীর নতুন ম্যানেজের স্বপন, কোচ মারুফুলই

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

দুটি সুখবরে ভাসছে আবাহনী লিমিটেড। একটি নিষেধাজ্ঞামুক্ত হওয়া এবং অন্যটি নতুন ম্যানেজার নিয়োগ পাওয়া। সত্যজিৎ দাস রুপুর জায়গায় নতুন ম্যানেজার হয়েছেন শহিদ হোসেন স্বপন।

দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির খবর পেল বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দেওয়া নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সোমবার রাতে আবাহনীর ওপর থাকা শেষ নিষেধাজ্ঞাটিও তুলে নেয় ফিফা। ফলে আসন্ন মৌসুমে দল গঠন ও খেলোয়াড় নিবন্ধনের পথও পরিষ্কার হয়েছে তাদের। গত মৌসুমে লিগে রানার্সআপ হয়েছিল আবাহনী। তবে তিন বিদেশি ফুটবলারের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর ক্লাবটির ওপর তিন দফায় নিবন্ধন নিষেধাজ্ঞা দেয় ফিফা।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এ জটিলতার সূত্রপাত। ওই তিন বিদেশি ফুটবলার বাংলাদেশে না এলেও তৎকালীন ক্লাব ব্যবস্থাপনা তাদের সঙ্গে করা চুক্তি বাতিল করে। পরে বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগে ফিফার কাছে যান তারা। গত মাসে তিন নিষেধাজ্ঞার মধ্যে দু’টি প্রত্যাহার করাতে সক্ষম হয়েছিল আবাহনী। তবে তৃতীয় ও শেষ নিষেধাজ্ঞাটি কাটাতে বেশ কিছুদিন জটিলতায় থাকতে হয় ক্লাবটিকে। বড় একটি অংশের অর্থ পরিশোধ করার পরও সিনিয়র এক খেলোয়াড় দাবি করেন, নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা হয়নি। শেষ পর্যন্ত সেই জটিলতারও অবসান হয়েছে। ফলে নতুন মৌসুমের দল গঠনে আর কোনো বাধা থাকল না আবাহনীর।

এর আগে ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানিয়েছিলেন, শেষ নিষেধাজ্ঞা উঠে গেলেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া শুরু করবেন তারা। গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা অধিকাংশ ফুটবলারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন। তাদের অনেকেই নতুন মৌসুমেও ক্লাবটিতে থাকতে আগ্রহী বলে জানা গেছে। 

এদিকে আবাহনীর টিম ম্যানেজমেন্টেও এসেছে পরিবর্তন। গত মৌসুমের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে এবার আর দায়িত্বে রাখা হচ্ছে না। তার স্থলাভিষিক্ত হয়েছেন আবাহনী ও জাতীয় দলের সাবেক মিডফিল্ডার শহিদ হোসেন স্বপন। গতকাল দুপুরেই তাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুপু। তিনি বলেন, ‘আমাদের নিষেধাজ্ঞা গতকাল (সোমবার) রাতে উঠেছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত প্রধান কোচের দায়িত্বে থাকছেন মারুফুল হক। নতুন ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক ফুটবলার সহিদ হোসেন স্বপন।’ ফলে নতুন ম্যানেজার স্বপনের অধীনে নতুন মৌসুমের দল গঠনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে আবাহনী।

আবাহনীর নিষেধাজ্ঞা কাটলেও একই সমস্যায় থাকা বসুন্ধরা কিংস এখনো অপেক্ষায়। পাঁচবারের লিগ চ্যাম্পিয়নদের ১৪টি নিবন্ধন-সংক্রান্ত মামলার মধ্যে চারটির সমাধান হয়েছে। বাকি নিষেধাজ্ঞাগুলো কাটাতে গত পরশু আরও সাত কার্যদিবস সময় চেয়েছে কিংস। অন্যদিকে, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দু’টি অর্থ পরিশোধ-সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়ায় তাদের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত