ব্রাহ্মণবাড়িয়ায় ‘শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

 ব্রাহ্মণবাড়িয়ায় "শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানে মুগ্ধ হলো উপস্থিত অতিথি ও দর্শক-শ্রোতা। তিতাস আবৃত্তি সংগঠনের ছোটদলের সদস্যদের অংশগ্রহণে এ পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় শহরের  সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিশুতোষ বেশকিছু কবিতা উপস্থাপন করে শিল্পীরা। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস। অন্যতম সংগঠক আনিসুর রহমান, ফাহিমা সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদান সংগঠন বাঁধন সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম,অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী। 

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে। তাকে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "প্রভাতি" কবিতার সমবেত আবৃত্তির মাধ্যমে শিশু শিল্পীরা তাদের পরিবেশনা শুরু করেন। এসময় একক আবৃত্তি করেন নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা,ফারিযা রানা,ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা,বিনায়ক নীলাদ্রি। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

রবীন্দ্র-নজরুল আবৃত্তি অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী জানান, এ আয়োজনে আমাদের একদল শিশু আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা উচ্চারণের মাধ্যমে আবৃত্তির পথে নতুন করে যাত্রা শুরু করল। রবীন্দ্র-নজরুল ধারণ করে তারা বাঙালির অপরিহার্য কবিদের কবিতার সাথে পরিচিত হবে,আবৃত্তি করবে। আমরা ধীরে ধীরে সেই প্রচেষ্টা চালিয়ে যাবো।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার বলেন, তিতাস আবৃত্তি সংগঠন শিশু কিশোর সহ সকল বয়সী মানুষের মধ্যে আবৃত্তির রস সঞ্চার করতে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজকের শিশুদের কন্ঠে রবীন্দ্র-নজরুল আবৃত্তি অনুষ্ঠান করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে পড়তে আমাদের শিশুরা এগিয়ে যাক, সেই কাজে আমরা সহায়ক হিসেবে কাজ করছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত