'মেসিদের বিশ্বাসঘাতক বলাটা ক্ষমার অযোগ্য', আর্জেন্টিনা সভাপতির কড়া বার্তা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম
স্পেনের কাছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের এক মাস পার হওয়ার পর নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লডিও "চিকি" তাপিয়া। জাতীয় দল ও কোচ লিওনেল স্কালোনির ক্যাবিনেটের বিরুদ্ধে ওঠা "ম্যাচ ছেড়ে দেওয়ার" জাতীয় ষড়যন্ত্র ও গুঞ্জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ কড়া বার্তা জারি করেছেন তিনি।

তিনি অভিযোগগুলোকে মিথ্যা, উদ্দেশ্যেপ্রণোদিত এবং একটি "হীন প্রচারণামূলক অভিযান" হিসেবে অভিহিত করে এর পেছনে থাকা ব্যক্তিবর্গদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

তাপিয়া লিখেছেন, "এক মাস পার হয়ে গেছে সেই ফাইনালের। এক মাস ধরে মিথ্যা, হীন অপপ্রচার এবং একদল মানুষের নিরবচ্ছিন্ন চেষ্টা চলছে যে, আমাদের দলটি নাকি ফাইনালে আত্মসমর্পণ করেছিল।" তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, এতদিন পার হওয়ার পরও যারা এই গুঞ্জন ছড়িয়েছিলেন, তাদের কেউ ক্ষমা চাননি বা তাদের ভুল স্বীকার করেননি।
 
তাপিয়া মেসি-মার্তিনেজদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেন, "যখন আমাদের খেলোয়াড়রা মাঠের মধ্যে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছিল, তখন বাইরের কিছু মানুষ ঠিক তার উল্টো কাজ করছিল—তারা ঘৃণা ছড়াচ্ছিল, বিভাজন সৃষ্টি করছিল এবং লক্ষ লক্ষ মানুষের সম্মান অর্জনকারী একটি দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল।"
 
জাতীয় দলের খেলোয়াড়দের "বিশ্বাসঘাতক" বলার বিষয়টি তীব্র ভাষায় ভর্ৎসনা করে এএফএ প্রধান লেখেন, "জাতীয় দলের ফুটবলারদের 'বিশ্বাসঘাতক' বলা এবং যারা এই জার্সিটার মর্যাদা রক্ষা করতে নিজেদের সেরাটা দিয়েছেন তাদের সন্দেহ করার মতো অপরাধ থেকে ঘুরে দাঁড়ানোর কোনো পথ থাকে না। মুখে কুলুপ এঁটে রাখা কিংবা সময় বয়ে যাওয়ার অপেক্ষা করলেই এই অপরাধ মুছে যায় না।"
 
বার্তার শেষাংশে তাপিয়া উল্লেখ করেন, ড্রেসিংরুম এবং খেলোয়াড়রা তাদের কাজের ব্যাপারে পুরোপুরি সৎ ছিলেন। "যারা মাঠে নিজেদের আত্মা সঁপে দিয়ে খেলেছেন, তাদের কারো কাছে কোনো কিছু ব্যাখ্যা করার বা জবাব দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা মিথ্যা ছড়িয়েছেন, জবাবদিহিতা তাদেরই করা উচিত।"
×
সর্বশেষ সর্বাধিক পঠিত