অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে স্মরণীয় জয়ে র্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের পর আইসিসির সদ্য প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার ও বোলারদের তালিকায় এসেছে বড় পরিবর্তন। যেখানে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে চরম ব্যর্থতার খেসারত দিয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।
টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে এক লাফে উঠে এসেছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ২০তম স্থানে। তবে ১৮ নম্বরে থাকা মুশফিকুর রহিম এখনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর ব্যাটার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। অন্যান্যদের মধ্যে মুমিনুল হক ৫ ধাপ এগিয়ে ৩১তম, ওপেনার সাদমান ইসলাম ৩ ধাপ এগিয়ে ৫৮তম এবং মেহেদী হাসান মিরাজ ৫ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন।
তবে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে ৮৪ ধাপ এগিয়ে ৮৮তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ২২ ও ১৭ রানে আউট হয়ে এক নম্বর টেস্ট ব্যাটারদের সিংহাসন হারিয়েছেন ট্রাভিস হেড। তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন এই অজি তারকা। আর এই সুযোগে কোনো ম্যাচ না খেলেই শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং সতীর্থ জো রুট উঠে এসেছেন দুইয়ে। ৭১ ও ৪৪ রান করা স্টিভ স্মিথ এক ধাপ এগিয়ে অবস্থান করছেন তিন নম্বরে।
অস্ট্রেলিয়ার ব্যাটারদের মেরুদণ্ড ভেঙে দিয়ে ম্যাচে ৯ উইকেট (৬/৮৭ ও ৩/৪৪) নেওয়া ম্যাচসেরা পেসার হাসান মাহমুদ এক লাফে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮তম স্থানে উঠে এসেছেন। আইসিসির সাবেক গ্রেট ম্যাকগ্রার প্রশংসায় ভাসার পর র্যাঙ্কিংয়েও বড় স্বীকৃতি পেলেন এই পেসার।
স্পিনার মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৪ নম্বরে উঠে এসেছেন। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২তম স্থানে পৌঁছেছেন। এছাড়া বোলারদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে আগের মতোই শীর্ষস্থান (১১তম) ধরে রেখেছেন তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে প্যাট কামিন্স এক ধাপ নেমে পঞ্চম স্থানে গেছেন, তবে মিচেল স্টার্ক ৩ নম্বর এবং জশ হেইজলউড ৯ নম্বর স্থান অক্ষুণ্ন রেখেছেন।
আইসিসি অলরাউন্ডার তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ভারতের রবীন্দ্র জাদেজা শীর্ষেই রয়েছেন। ডারউইনে অলরাউন্ড নৈপুণ্য দেখানো মেহেদী হাসান মিরাজ যথারীতি অবস্থান করছেন তিন নম্বরে। তবে তার সঙ্গে যৌথভাবে তিনে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চারে।
আইপিএলের লোভে পড়েই কী উইকেটটা হারান ডিকভেলা?