ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

মরক্কোর ব্যবসায়ী ও অ্যাথলেট এজেন্ট সুহাইলা তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন রটেছিল। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা। সৌদি সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়, কার্লোস ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদার কাছে কালিমা পাঠ করে প্রায় এক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি একজন শরিয়া কাজীর উপস্থিতিতে অনুষ্ঠিত তাদের বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে এই জল্পনা চরম আকার ধারণ করে।

তবে ওকাজ-কে দেওয়া সাক্ষাৎকারে এই খবর সরাসরি নাকচ করে কার্লোস বলেন, "ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে এবং আমার স্ত্রীকে প্রার্থনা করতে দেখাটা চমৎকার একটি বিষয়। কিন্তু আমার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তা সত্য নয়।"

বিয়ের ভিন্নধর্মী আনুষ্ঠানিকতা নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "আমাদের উদযাপনের আয়োজনটি একাধিক রীতিতে অনুষ্ঠিত হয়েছিল। আমার পরিবারের সদস্যরা যেহেতু ক্যাথলিক, তাই তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান করা হয়েছে। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের কথা বিবেচনা করে আলাদা উদযাপনের ব্যবস্থা রাখা হয়েছিল।"

মরক্কোর সফল ব্যবসায়ী সুহাইলা তাহিরির সঙ্গে সম্পর্কের সূচনা নিয়ে কার্লোস জানান, "ফুটবল সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকে আমাদের প্রথম দেখা হয়। সে একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। গত দুই বছর ধরে আবেগীয় ও পেশাগত—উভয় দিক থেকেই আমাদের সম্পর্ক তৈরি ও বজায় রয়েছে।"

 

নিজের ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস বজায় রেখে স্ত্রীর ধর্মীয় প্রতি শ্রদ্ধাবোধ থেকেই যে একাধিক সামাজিক অনুষ্ঠান করা হয়েছিল, কার্লোসের এই বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত