বাংলাদেশের পারফরম্যান্সে অবাক নয় অজিরা, তবে আক্ষেপ গ্রিনের কন্ঠে 

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন তুললেও, অস্ট্রেলিয়া শিবিরে তা কোনো বিস্ময় সৃষ্টি করেনি। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে আজ (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিদের তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের এই শক্তিমত্তা সম্পর্কে তাদের আগে থেকেই ধারণা ছিল।

ডারউইনে প্রথম দিন থেকেই শান্ত-হাসানরা দল যেভাবে চেপে ধরেছিল, তাতে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বেদনা এখনো পুড়ছে স্বাগতিকদের।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে একা লড়াই চালানো গ্রিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘না, বাংলাদেশের পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানতাম ওরা ভালো দল। তারা দুর্দান্ত খেলেছে। প্রথম দিনের পরই জানতাম সামনে আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা আমাদের আর লড়াইয়ের সুযোগই দেয়নি। আমরা অনেক ধরনের চেষ্টা করলেও কোনো কিছুই কাজে আসেনি।’

ডারউইনের হারের ক্ষত ও নিজেদের কাছাকাছি গিয়েও ম্যাচ হাতছাড়া হওয়ার হতাশার কথা বলতে গিয়ে গ্রিন যোগ করেন, ‘সবসময়ই বিষয়টি কঠিন, আপনি দলের সফলতার জন্যই তো খেলেন। তাই এখানে মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে আপনার ভালো পারফরম্যান্স হয়েছে, কিন্তু অন্যদিকের আক্ষেপ থাকে যে আমরা দলকে জয়ের অবস্থানে নিয়ে যেতে পারিনি।’

বাংলাদেশকে আরও বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সুযোগ ছিল কি না, সে বিষয়ে অজি অলরাউন্ডার আরও বলেন, ‘আমার মনে হয় আমরা বেশ কাছাকাছি চলে গিয়েছিলাম। বোর্ডে যদি আরও ৫০ থেকে ৭৫ রান যোগ করতে পারতাম, তাহলে সত্যি সত্যি আমরা ম্যাচে দারুণভাবে টিকে থাকতে পারতাম। তবে ভাগ্যে সেটি ছিল না।’

এছাড়া সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং ফর্ম ফেরানোর পেছনের রহস্যও খোলাসা করেছেন এই তারকা। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা বাদ দিয়ে ঘরোয়া শেফিল্ড শিল্ড ক্রিকেটে নিজের পুরোনো ও সহজ ছন্দে ফিরে যাওয়ার কথা জানিয়ে গ্রিন বলেন, ‘আমি মনে করি আমি কেবল যেভাবে আগে খেলতাম, ঠিক সেই পদ্ধতিতে ফিরে গেছি। খেলাটাকে খুব সহজ রাখা। বিগত কয়েক বছরে আমি একটু অদলবদল করার চেষ্টা করেছিলাম, কিছুটা জোর করার চেষ্টা করেছিলাম।’

ডারউইনের ঐতিহাসিক হার পেছনে ফেলে ম্যাকাইতে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ এখন অস্ট্রেলিয়ার সামনে। বাংলাদেশের শক্তিশালী পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে এবং নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে মুখিয়ে আছে অজি শিবির। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত