বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ নূরুদ্দিন জাকারিয়া। পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি ওই গৌরব অর্জন করেন।
হাফেজ নূরুদ্দিন জাকারিয়া বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকী চাঁদকাঠি গ্রামের কৃতী সন্তান। তিনি বর্তমানে ঢাকার রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে হাফেজ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন।
স্থানীয়রা জানায়, হাফেজ নূরুদ্দিন জাকারিয়ার এ অর্জন শুধু তার পরিবার বা বাউফলের জন্য নয় বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
তার পরিবার ও শিক্ষকরা জানান, ভবিষ্যতে তিনি যেন দ্বীনি জ্ঞানচর্চা অব্যাহত রেখে দেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারেন, এটাই তাদের প্রত্যাশা।