পটুয়াখালীর বাউফল পৌরসভার আলগী খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে পৌর শহরের আলগী খালের বাংলাবাজার জামে মসজিদের সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাত যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। তার সঙ্গে বাঁধা একটি ইটভর্তি বস্তাও পাওয়া গেছে। ওই যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি।
স্থানীয়রা জানান, উদ্ধারকৃত মরদেহ গলতে শুরু করেছে। খালে ভেসে যাওয়ার সময় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিলো। যে কারণে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।