ডারউইনে ইতিহাস গড়ে এবার ম্যাকাইয়ের মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ৯ উইকেটের ঐতিহাসিক জয় একটা বাড়তি আত্মবিশ্বাস অবশ্যই দিচ্ছে তবে সেটিকে বাড়াবাড়ি হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, ডারউইনের সেই জয় এখন অতীত, নতুন কন্ডিশনে নতুন শুরুর অপেক্ষায় শান্ত-মিরাজরা।
ম্যাকাই টেস্ট সামনে রেখে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এরকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে। সেটা (ডারউইনের জয়) এখন অতীত হয়ে গেছে। এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি এগুলো আলাপ হয়েছে। আশা করি প্লেয়াররা সেখান থেকে বের হয়ে এখানে আবার নতুন করে শুরু করবে।’
ঐতিহাসিক ডারউইন জয়ের পর উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে আগের ম্যাচের ফিল্ডিংয়ে কিছু ভুলে প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, অই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম আমার মনে হয়। তবে যত কম হয় ততই ভালো হয়। অই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব।’
আগের ম্যাচে এমন জয়ের পর প্রত্যাশা আকাশচুম্বী হওয়াটাই স্বাভাবিক। ব্যাটে-বলে দারুণ পারফর্মে এই বাংলাদেশ দলকে তাই ম্যাকাইতেও চালকের আসনে দেখতে চায় সমর্থকরা।
সেখান হার-জিত ছাপিয়ে সবার সমর্থনকে এগিয়ে রেখে শান্ত আরও বলেন ‘আমি বিশ্বাস করি প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক, আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে। এটাই আশা থাকবে। কালকের (শনিবার) ম্যাচের খেলা দেখবে। যাদের মাঠে আসার সুযোগ আছে আসবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার।’