বিশ্বকাপে হাতাহাতি: চার আর্জেন্টাইনকে ২১ ম্যাচের নিষেধাজ্ঞা, জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে অনভিপ্রেত হাঙ্গামা ও অখেলোয়াড়সুলভ আচরণের বিরুদ্ধে চরম কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হেরে যাওয়া ম্যাচের শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে সংঘাত শুরু হয়। সেই ঘটনায় জড়িত ফুটবলার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

ম্যাচ শেষের পরপরই আর্জেন্টিনার লিয়োয়ান্দ্রো প্যারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরলে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্ত শেষে ফিফা প্যারেদেসকে আন্তর্জাতিক ফুটবলে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।

পারেদেসের হাতাহাতি

একই ঘটনায় অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও শাস্তির আদেশ দেওয়া হয়েছে:

  • নাউয়েল মোলিনা (আর্জেন্টিনা খেলোয়াড় ): ৭ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০,০০০ ডলার জরিমানা।
  • রবার্তো আয়ালা (আর্জেন্টিনার সহকারী কোচ): দানি ওলমোর সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা।
  • থিয়াগো আলমাদা (আর্জেন্টিনা খেলোয়াড়): ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা।
  • গাভি (স্পেন খেলোয়াড়): ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০,০০০ ডলার জরিমানা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর বড় কোপ খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের  ওপর ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি গ্যালারিতে বর্ণবাদী আচরণ, আপত্তিকর ব্যানার প্রদর্শন এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচ ৫০ শতাংশ ফাঁকা গ্যালারিতে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা স্পষ্ট করে জানিয়েছে, শীর্ষপর্যায়ের ফুটবলে সহিংসতা বা বর্ণবাদের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট পক্ষগুলোকে শাস্তির বিরুদ্ধে আপিল বা ব্যাখ্যার আবেদনের জন্য ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত