প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০১:১২ এএম

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফল প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জুলাই নির্ধারণ করা হয়। ওই বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুততম সময়ে ফল প্রকাশের নির্দেশনা দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ সম্ভব। সে অনুযায়ী ৯ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হলে তা গৃহীত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী এর আগে জানিয়েছিলেন, তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) ফল প্রস্তুতের কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ হলে মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। নির্ধারিত সময়ের প্রায় চার মাস পর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এবারের পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি আটজনের মধ্যে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত