রুবেলের রহস্য স্পিন আর সাব্বিরের ফিফটিতে এইচপি দলের টানা দ্বিতীয় জয়

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
ডারউইনের মারারা ওভালে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেনস একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। মিস্ট্রি স্পিনার মো. রুবেলের নিয়ন্ত্রিত বোলিং এবং অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমানের দায়িত্বশীল অর্ধশতকে চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তরুণরা।
 
টসে হেরে আগে ব্যাট করতে নেমে এইচপির বোলিং তোপের মুখে পড়ে হোবার্ট হারিকেনস একাডেমি। শুরুর ওভারেই ওপেনার জেক ডোরানকে (৬) ফেরান আবু হায়দার রনি। এরপর রুবেলের লেগ স্পিন ও মিট্রি ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে প্রতিপক্ষ। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি।

হোবার্টের পক্ষে টিগ উইলি সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন। ব্র্যাডলি হোপ ২২ ও জাক কার্টেনের ২৩ রানের ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রাহ করে হোবার্ট। এইচপির হয়ে রিপন মন্ডল ২টি এবং আবু হায়দার ও আব্দুল গফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।

১৫৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এইচপি। মাত্র ৩৬ রানের মধ্যে বিদায় নেন হাবিবুর রহমান সোহান (৪), আরিফুল ইসলাম (৪) ও জিশান আলম (৯)। চার নম্বরে নামা সাব্বির রহমান এক প্রান্ত আগলে রেখে দ্রুত চাপ সামাল দেন। ৪৫ বলে ৫টি চার ও ২টি ছক্কায় দলের জয়ের ভিত্তি গড়েন ৫৯ রান করা এই ব্যাটার।

সাব্বির ৫৯ রানে আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে এইচপি। তবে শেষ দিকে আব্দুল গফফার সাকলাইনের ১৩ বলে ১৯* রানের অপরাজিত ক্যামিও ও আবু হায়দারের ৫ বলে ৮* রানের কার্যকরী ইনিংসে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল।
 

সংক্ষিপ্ত স্কোর

হোবার্ট হারিকেনস একাডেমি: ২০ ওভারে ১৫৩/৭ (টিগ উইলি ৭৮*, ব্র্যাডলি হোপ ২২; মো. রুবেল ৩/২৫, রিপন মন্ডল ২/৩৪)

বাংলাদেশ এইচপি দল: ১৯.৪ ওভারে ১৫৫/৭ (সাব্বির রহমান ৫৯, গাফফার সাকলায়েন ১৯*; রাফ ম্যাকমিলান ২/২১, কেলান ম্যলেডে ২/৩৬)

ফলাফল: বাংলাদেশ এইচপি দল ৩ উইকেটে জয়ী।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত