রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
সোমবার (২৪ আগস্ট) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেওয়ার পর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পথচারীরা তাঁকে ধরে গণধোলাই দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, গণধোলাইয়ের খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই ব্যক্তির মরদেহ পায়। তাঁর শরীরে উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁকে দেখে মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে তাঁর সঙ্গে কাউকে পাওয়া যায়নি। ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেছিল কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁকে গণধোলাই দিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তার পাবলিক টয়লেটের পাশে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআই রফিকুল আরও জানান, পথচারী ইসরাফিল (২৫) ও ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইসরাফিল ও সবুজ হাওলাদার জানান, তাঁরা আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
রাজধানী থেকে বিভিন্ন অপরাধে একদিনে গ্রেপ্তার ৪১৮