২০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে কানাডার পাল্টা শুল্ক

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

যুক্তরাষ্ট্রের প্রায় ২০ বিলিয়ন ডলার (২৭.৬ বিলিয়ন কানাডীয় ডলার) মূল্যের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে কানাডা। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বাণিজ্য পদক্ষেপের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ‘ডলারের বিপরীতে ডলার’ নীতিতে এই পাল্টা ব্যবস্থার ঘোষণা দেন।

কানাডার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৭০০ ধরনের পণ্যের ওপর কার্যকর হবে। ওয়াশিংটনের আরোপ করা শুল্কের সমপরিমাণে ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসাগুলোর জন্য ৭৫০ কোটি কানাডীয় ডলারের সহায়তা প্যাকেজও ঘোষণা করেছে অটোয়া। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সহায়তা, প্রতিষ্ঠানগুলোর নগদ প্রবাহ বজায় রাখতে অর্থায়ন এবং নতুন শুল্কের কারণে ঝুঁকিতে পড়তে পারেন এমন শ্রমিকদের জন্য সহায়তা থাকবে।

শনিবার থেকে কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা পাল্টা এই পদক্ষেপ নিল। এর আগে শুল্ক এড়াতে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা ব্যর্থ হয়।

কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, ডলার-ফর-ডলার, হার অনুযায়ী পাল্টা শুল্ক এবং বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসাগুলোকে সুরক্ষা দেবে।

কানাডার এক সরকারি কর্মকর্তা জানান, নতুন শুল্ক এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে দেশটির ভোক্তা ও ব্যবসার ওপর প্রভাব যতটা সম্ভব কম পড়ে; একই সঙ্গে এর প্রভাব যুক্তরাষ্ট্রের ওপরও পড়ে।

নতুন শুল্কের মধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র ও পোশাকের মতো গুরুত্বপূর্ণ পণ্যে ৫০ শতাংশ; চিজ, গৃহস্থালি যন্ত্রপাতি ও কিছু সামুদ্রিক খাদ্যে ২৫ শতাংশ এবং ইলেকট্রনিকস ও সরঞ্জামে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত