আর্জেন্টিনার ‘বাজপাখি’কে দলে ভেড়ানোর সুযোগ চেলসির

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজারে বড় ধরনের নাটকীয়তার আভাস মিলছে। অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর দারুণ এক সুযোগ তৈরি হয়েছে চেলসির সামনে। ইএসপিএনের সাংবাদিক মার্ক ওগডেনের কাছে একটি সূত্র নিশ্চিত করেছে যে, মার্তিনেজের প্রতিনিধিরা স্বয়ং চেলসি ক্লাবের কাছে তাকে সাইন করার প্রস্তাব পাঠিয়েছেন।

চলতি দলবদল মৌসুমে নিজেদের স্কোয়াডের গড় বয়স কমাতে এবং উয়েফা ও প্রিমিয়ার লিগের কঠোর আর্থিক নীতিমালা মেনে চলতে বেশ কয়েকজন তারকাকে বিক্রি করেছে অ্যাস্টন ভিলা। এর আগে জুভেন্তাসের সঙ্গে মার্তিনেজের একটি সম্ভাব্য চুক্তি ভেস্তে গেলেও, জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে দীর্ঘমেয়াদী এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নেওয়ায় ভিলা কর্তৃপক্ষ এখন তাকে ছেড়ে দিতে পুরোপুরি উন্মুক্ত রয়েছে।

এদিকে চেলসির গোলপোস্টের বর্তমান পরিস্থিতিও এই নতুন গুঞ্জনকে আরও জোরালো করেছে। গত সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স চরম সমালোচনার মুখে পড়ে। ম্যাচে জশ কিংয়ের একটি সাধারণ শটও তার হাত ফসকে জালে জড়িয়ে যাওয়ায় গোলরক্ষক পজিশন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। এর আগে মরিসিও পচেত্তিনো কিংবা এনজো মারেস্কার আমলেও সানচেজের ফর্মহীনতা দলের জন্য মাথাব্যথার কারণ ছিল। 

এদিকে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত মার্তিনেজের পাশাপাশি চেলসির বর্তমান স্কোয়াডের আরেক আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জনের অন্ত নেই। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার নাম নিয়মিতভাবে জড়িয়ে থাকলেও কোচ জাবি আলোনসো অবশ্য তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন। আসন্ন কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে ম্যাচে এই আর্জেন্টাইন তারকাকে স্কোয়াডে পাওয়ার জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

একটি সংবাদ সম্মেলনে চেলসি কোচ আলোনসো স্পষ্ট করে জানান, ‘হ্যাঁ, আমরা আশা করি সে যুক্ত থাকবে। সে খুব ভালোভাবে অনুশীলন করছে এবং সে একজন ভালো পেশাদার।’ 

এনজোকে ক্লাবে রাখার ব্যাপারে তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা সেরা দল গঠন করতে চাই। আমরা এনসো এবং তার গুণাবলী সম্পর্কে জানি। সে এটি দেখিয়েছে এবং আমাদের অপেক্ষা করতে হবে। আমরা আগামীকালের কথা ভাবব এবং দেখি পরিস্থিতি কীভাবে এগোয়।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত