১৩ ভবনে সিডিএর অভিযান, ৪১ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকার ১৩টি ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ভবন মালিকদের কাছ থেকে সর্বমোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানের সময় তিনটি ভবনের নকশাবহির্ভূত ব্যতিক্রমী অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পাঁচটি ভবন সিলগালা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনব্যাপি নগরীর হালিশহর ও আগ্রাবাদ এলাকায় নকশাবহির্ভূত ও অবৈধভাবে নির্মিত ভবনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ভবন নির্মাণের অনুমোদিত নকশা অমান্য করে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় সুপারশপ ‘উৎসব’ এবং ‘স্বপ্ন’ তাদের খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শনের পর ‘স্বপ্ন’কে ১১ লাখ টাকা এবং ‘উৎসব’কে ৮ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া একই এলাকার ‘সেফস লাউঞ্জ’ নামক রেস্তোরাঁটি গ্রাহকদের পার্কিং সুবিধা না রেখে ব্যবসা করায় সেটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, আজকের অভিযানে দেখা গেছে, বড় বড় সুপারশপ গড়ে তোলা হলেও গ্রাহকদের গাড়ির জন্য কোনো পার্কিং রাখা হয়নি। এর ফলে প্রধান সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। নগরবাসীর প্রতি আহ্বান, আপনারা সিডিএর অনুমোদিত ডিজাইন অনুযায়ী ভবন নির্মাণ করুন। ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বা হাসপাতাল করার সময় জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কাজ থেকে বিরত থাকুন।

অভিযান সম্পর্কে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২ এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান বলেন, পরিকল্পিত নগরী গড়ে তুলতে অবৈধ ও ব্যতিক্রমী নির্মাণ এবং পার্কিংয়ের জায়গায় ব্যবসা পরিচালনার বিরুদ্ধে সিডিএর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাং মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ আকতার ও মো. হামিদুল হকসহ ইমারত পরিদর্শক মো. তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, আবু জাফর ইকবাল, জোবাইর ইবনে আনোয়ার, মো. সাইদুর রহমান, সাইফ আলম সীমান্ত, সজীব দাশ, মিথু কুমার চৌধুরী এবং ম্যাজিস্ট্রেট শাখার পেশকার হারাধন দাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত