সাটুরিয়ায় ভেজাল সার বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অভিযানে ভেজাল সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবসায়ী সানোয়ারকে সার ব্যবস্থাপণা আইন ২০০৬ এর ধারা ১৭ অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জান্না বাজারের ওই সারের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানে থাকা সার পরীক্ষা ও অভিযোগ যাচাইয়ের পর ভেজাল সারের সত্যতা পাওয়া যায়। পরে আদালত বসিয়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের মান নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের স্বার্থের সঙ্গে জড়িত সার ও বীজের বাজারে এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আসন্ন কৃষি মৌসুমে ভেজাল সার বিক্রির মাধ্যমে যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃষকদের ক্ষতির মুখে ফেলতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত