অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হলো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস। ফলে নতুন মৌসুমের দলবদলে অংশ নিতে এখন আর কোনো বাধা থাকছে না ছয়বারের লিগ চ্যাম্পিয়নদের সামনে।
কিংসের ওপর মোট ১৪টি ফিফা নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে ১১টির নিষ্পত্তি আগেই হয়েছিল। বাকি তিনটি নিষেধাজ্ঞাও গতকাল (শুক্রবার) রাতে উঠে গেছে। ফিফার ওয়েবসাইটে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে খেলোয়াড় নিবন্ধন ও দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে হাতে থাকা সময়ের মধ্যেই দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস।
এর আগে ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরেছে আবাহনীও। নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপে খেলা এক ফুটবলারসহ চার বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি শেখ মোরছালিন, আল আমিন ও মিরাজুল ইসলামদেরও ধরে রেখেছে ধানমন্ডির ক্লাবটি। সব মিলিয়ে নতুন মৌসুমে শক্তিশালী দল গড়েছে আবাহনী।
মোহামেডান স্পোর্টিং ক্লাবও এবার বেশ আগেভাগেই দল গোছানোর কাজ এগিয়ে নিয়েছে। ফলে আসন্ন মৌসুমে শিরোপার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এখনও পুরোপুরি স্বস্তিতে নেই ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব। গত মৌসুমে রেলিগেটেড হওয়া দলটির ওপর থাকা একটি ফিফা নিষেধাজ্ঞা এখনো ওঠেনি। ১ সেপ্টেম্বরের মধ্যে সেটি নিষ্পত্তি হলে ২০২৬-২৭ মৌসুমে ১৩ দলের লিগ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাই শুধু ক্লাবটির দলবদল কার্যক্রমই স্বাভাবিক হলো না, নতুন মৌসুমের ঘরোয়া ফুটবলে শিরোপার লড়াইও পেল বাড়তি উত্তাপ।
ইমরানের খানের মুক্তির দাবিতে কেঁদে ফেললেন মিয়াঁদাদ