রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের কবলে পরে এক নারী শিক্ষিকা নিহতের ঘটনা ঘটেছে। নিহত ৫৫ বছর বয়সী রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, নিহত শিক্ষিকা রনজিনা পারভীন ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে শনিবার ভোরে ঢাকায় এসেছিলেন।
গাবতলীতে বাস থেকে নেমে রিকশায় করে ফার্মগেইটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খেজুর বাগান সংগলগ্ন সড়কে ‘ছিনতাইকারীর খপ্পরে’ পড়েন তারা।
এ সময় তিনি নিচে পরে গেলে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, একটি বাইকে দুইজন এসে চলন্ত অবস্থায় ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পরে তার মাথা মাথা ফেটে যায়। তখনই উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।