জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. মাহবুব আলমকে নিয়োগ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সোমবার (২৬ অক্টোবর) এ নিয়োগ দেওয়া হয়।

মো. মাহবুব আলম বর্তমানে বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাতে তার প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।

১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশাজীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি মার্কেন্টাইল ব্যাংক ও যমুনা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাউথইস্ট ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।

ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে শাখা ও করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারি, পরিচালন কার্যক্রম, প্রবাসী আয়, আর্থিক অন্তর্ভুক্তি, অর্থ পাচার প্রতিরোধ এবং ঝুঁকি ব্যবস্থাপনা উল্লেখযোগ্য।

মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে অর্থায়নে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত