এবার মাঠে নামছে নতুন ব্যান্ড ‘এবি কিং’

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই সাবেক চার সহকর্মীর গঠন করা নতুন ব্যান্ডদল ‘এবি কিং’ এবার মাঠে নামছে। ব্যান্ডটির প্রথম মঞ্চ পরিবেশনা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে প্রথমবারের মতো পারফর্ম করবে ‘এবি কিং’। এ ছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্র সফরে ভার্জিনিয়া, নিউইয়র্কসহ দেশটির একাধিক অঙ্গরাজ্যে ব্যান্ডটির শো করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সদস্যরা। 

চার সদস্যের এই ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছে বিশেষ এক যোগসূত্র। ব্যান্ডটির প্রত্যেক সদস্যই কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্নেহ ও সান্নিধ্য পেয়েছেন। এসআই টুটুল ছিলেন আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠিত ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিনের সহযাত্রী। দলটির সদস্যরা হলেন নাফিজ আল আমিন (ড্রামস ও ভোকাল), ইফতেখার ইফতি (লিড গিটার ও ভোকাল), আকাশ আহসান (বেস ও ভোকাল) এবং এসআই টুটুল (কিবোর্ড ও ভোকাল)। ব্যান্ডটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ইশতিয়াক এ সিদ্দিকী। 

ব্যান্ড প্রতিষ্ঠার প্রসঙ্গে এসআই টুটুল বলেছেন, ‘আমাদের সকলের ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও স্টেজে গাইব আমরা।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরও কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা। এ কারণে এবি কিংয়ে আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেল থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব।’ 

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় ‘এবি কিং’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত