নাটকীয়ভাবে হামজা চৌধুরীকে ‘হাইজ্যাক’ করলো শেফিল্ড

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম
ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার ঠিক দুই দিন আগে ইংলিশ ফুটবলে ঘটল এক নাটকীয় ঘটনা। লেস্টার সিটিতে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়া যখন একপ্রকার নিশ্চিত ছিল, ঠিক শেষ মুহূর্তে দৃশ্যপটে হাজির হয়ে হামজা চৌধুরীকে ‘হাইজ্যাক’ করে নিল চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেড।

ডার্বি কাউন্টি ও লেস্টার সিটির মধ্যকার আলোচনা যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই আকস্মিকভাবে দৌড়ে প্রবেশ করে পুরোনো ক্লাব শেফিল্ড। স্কাই স্পোর্টস ও লেস্টারশায়ারলাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, ডার্বির প্রস্তাবকে পেছনে ফেলে পুনরায় ব্রামাল লেনে (ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা।

কেন এই নাটকীয় মোড়?

শেফিল্ডের এই আচমকা পদক্ষেপের পেছনে ছিল তাদের মূল রাইট-ব্যাক ফেমি সেরিকির সাম্প্রতিক মারাত্মক ইনজুরি। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক পজিশনেও সমান পারদর্শী হওয়ায় শেফিল্ডের প্রথম পছন্দের তালিকায় চলে আসেন হামজা চৌধুরী।

তদুপরি, ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। ১৯টি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে দলকে প্রিমিয়ার লিগ প্রমোশন প্লে-অফ ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গে তাঁর আগের সুসম্পর্কও এই দ্রুত দলবদলে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে।
 
মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। এরপর ২০১৭ সালে মূল দলে অভিষেকের পর ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালে লেস্টারের ঐতিহাসিক এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৪ সালে লেস্টারকে প্রিমিয়ার লিগে তুলতেও বড় অবদান রেখেছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে লেস্টার সিটির করুণ অবনমন এবং চুক্তি শেষ হতে চলায় তাঁর ভারী বেতনভার এড়াতে হামজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় লেস্টার প্রশাসন। নতুন কোচ রাসেল মার্টিন চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে তাঁকে খেলালেও শেষ কয়েকটি ম্যাচে বাদ দেন, যা তাঁর দলবদলের বার্তা নিশ্চিত করে।

সব কিছু ঠিকঠাক থাকলে এবং রবিবারের মেডিকেল টেস্ট সফল হলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন হামজা চৌধুরী। প্রথম তিন ম্যাচই ড্র করেছে শেফিল্ড। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত