জিডি ট্রফি: তেইশের বিপক্ষে উনিশের রোমাঞ্চকর জয়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
অভিজ্ঞতা ও বয়সের ব্যবধান ভুলে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেট ভক্তরা। গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফির শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অনূর্ধ্ব-২৩ দলকে শেষ ওভারের নাটকে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। ২২৬ রানের মাঝারি পুঁজি নিয়েও প্রতিপক্ষকে শেষ বলে অলআউট করে জয় ছিনিয়ে নেয় ফরিদ হাসান ফয়সালের দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই ৫০ ওভারের টুর্নামেন্ট। প্রথম খেলায় অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে বড় জয় পেলেও অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে জিততে অনূর্ধ্ব-১৯ দলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
 
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮.৪ ওভারে ২২৬ রানে সব উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল। দলের মিডল অর্ডারে ভরসা দেন ছয় নম্বরে নামা রবিউল হাসান অনিক। তাঁর ৮২ বলের ধৈর্যশীল অপরাজিত ৬৫ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। এছাড়া উইকেটরক্ষক আবদুল্লাহ আল মুহি ৪০ (৪৬ বল), আহসান আল মুমিনুল ৩৭ এবং ফারহান সাদিক ২৯ রান অবদান রাখেন।

অনূর্ধ্ব-২৩ দলের পক্ষে সফল বোলার ছিলেন অফস্পিনার শেখ পারভেজ জীবন, যিনি ৩৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এছাড়া আহরার আমিন পিয়ান ও আজিজুল হাকিম তামিম পান ২টি করে উইকেট।

২২৭ রানের জবাবে খেলতে নেমে শুভ সূচনা করে অনূর্ধ্ব-২৩ দল। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার (২৬) ও খালিদ হাসান (৩৪) যোগ করেন ৫২ রান। এরপর তামিমের ২৮ এবং অধিনায়ক কালাম সিদ্দিকি এলিনের ৩২ রানের ওপর ভর করে এক পর্যায়ে ৩ উইকেটে ১২৬ রান তুলে ফেলায় অনূর্ধ্ব-২৩ দলের জয় সহজ মনে হচ্ছিল।

পরবর্তীতে পিয়ান (২৫) ও রিজান হোসেন (৪৪) জুটিতে ৪১ রান যোগ করে ম্যাচ অনূর্ধ্ব-২৩ দলের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিন্তু রিজান জয়ের থেকে মাত্র ১৪ রান দূরে আউট হতেই ম্যাচের মোড় ঘোরে। অনূর্ধ্ব-১৯ দলের নিখুঁত বোলিংয়ের মুখে মাহফুজুর রহমান রাব্বি (১৬) এবং পারভেজ জীবন বিদায় নিলে শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় ৮ রান, হাতে ছিল ১ উইকেট।

৪৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ম্যাচের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয় যুবারা। ফলে শেষ ওভারে ৬ বল থেকে প্রয়োজন পড়ে ৬ রান। শেষ ওভারের তৃতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রাহিন আহমেদকে লেগ বিফোর উইকেটের  ফাঁদে ফেলেন পেসার রহিম আহমেদ। আর তাতেই উল্লাসে মেতে ওঠে অনূর্ধ্ব-১৯ দল।
 
অনূর্ধ্ব-১৯ দলের বল হাতে মূল নায়ক ছিলেন রহিম আহমেদ। ৫২ রানে ৪টি উইকেট শিকার করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এছাড়া আল রাফি ও তাফিউল আলম তামিম তুলে নেন ২টি করে উইকেট।
 

সংক্ষিপ্ত স্কোর


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২২৬/১০ (৪৮.৪ ওভার) 
(রবিউল ৬৫, মুহি ৪০, মুমিনুল ৩৭; পারভেজ জীবন ৩/৩৮, পিয়ান ২/২৪, তামিম ২/৩০)*

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ২২১/১০ (৪৯.৩ ওভার)
(রিজান ৪৪, খালিদ ৩৪, কালাম ৩২, তামিম ২৮; রহিম ৪/৫২, রাফি ২/৩২, তাফিউল ২/৪০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ রানে জয়ী।

ম্যাচ সেরা: রহিম আহমেদ (অনূর্ধ্ব-১৯)।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত