জিপিএ-৫ পেলেন অদম্য অর্থী

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

লেখাপড়ার প্রতি আগ্রহ ও মনোযোগ যে কোনো প্রতিবন্ধকতাকে হার মানাতে পারে। তারই উদাহরণ মনিরামপুরের মেয়ে অর্থী ঘোষাল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে সে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন অর্থীর।

জানা যায়, অর্থী ঘোষাল যশোরের মণিরামপুর পৌর এলাকার মহাদেবপুরের অরুণ ঘোষাল ও ইন্দ্রা মল্লিক দম্পতির মেয়ে। সে এবার উপজেলার হোগলাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

অর্থীর বাবা অরুণ ঘোষাল পেশায় একজন শিক্ষক। তিনি জানান, জন্মের ছয় মাস পরও তাদের মেয়ে মেরুদণ্ড সোজা করে বসতে কিংবা দাঁড়াতে পারত না। মেরুদণ্ডজনিত জটিল রোগসহ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয় সে। চিকিৎসকের এমন কথায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তারা। এরপর শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান অর্থীর পরীক্ষা-নিরীক্ষা করে তিন বছর ফিজিওথেরাপি দেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী একটি ফিজিওথেরাপি হাসপাতালে ভর্তি করে টানা তিন বছর চিকিৎসা করাতে হয়েছে। এতে সে কিছুটা হাঁটা-চলা করতে পারে।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পর লেখাপড়ার প্রতি অর্থীর আগ্রহ এবং তার মেধা সম্পর্কে বুঝতে পেরে আশান্বিত হন তারা।

এখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না অর্থী। পরীক্ষা দেওয়ার সময় বসে একটু বেশি লিখলেই তার হাত-পা কাঁপতে থাকে। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আবার লিখতে হয় তাকে।

শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অর্থীর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিবেশীরা অবাক হয়েছেন। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে।

বিদ্যালয়ের শিক্ষক হামিদা খাতুন জানান, অদম্য মেধাবী অর্থী ঘোষালের শারীরিক প্রতিবন্ধকতা ভালো ফলাফল অর্জনে বাধা হতে পারেনি। ভবিষ্যতে সে আরও ভালো করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত