পপস্টার শাকিরার চলমান ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান (মেয়েরা আর কাঁদে না)’ শিরোনামের বিশ্ব সফরের ইতি ঘটছে স্পেন কনসার্টের মাধ্যমে। সেখানে নিজের তৈরি একটি অস্থায়ী স্টেডিয়ামে পারফর্ম করার মাধ্যমে তিনি তার চলমান এই ঐতিহাসিক সফর শেষ করবেন। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর স্পেনে গাইবেন এই লাতিন তারকা। ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ এবং স্প্যানিশ কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ের পর শাকিরার এই উদ্যোগকে বিনোদন জগতে তার এক বিশাল ‘কামব্যাক’ বা রাজকীয় প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সময়ে যেখানে লাইভ কনসার্ট অত্যন্ত জনপ্রিয়, সেখানে শাকিরা কোনো সাধারণ ভেন্যুর বদলে নিজস্ব স্টেডিয়াম তৈরির সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছেন। কলম্বিয়ান এই শিল্পী তার ওয়ার্ল্ড ট্যুরটি স্পেনে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। স্প্যানিশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাকিরা জানান, এই আয়োজনের জন্য একটি অস্থায়ী ভেন্যু তৈরি করা হবে যার নাম রাখা হয়েছে ‘এস্তাদিও শাকিরা’। শাকিরা তার ব্যক্তিগত জীবনের কঠিন সময় এবং পেশাদার পুনর্জন্মকে এই সফরের মাধ্যমে বিশ্বের সামনে উদযাপনের লক্ষ্য নির্ধারণ করেছেন। অনেকের ধারণা, স্পেনে তার সঙ্গে নানা বিতর্কের জবাব দিতেই হয়তো স্পেনে নিজের স্টেডিয়ামে গাইবেন এই তারকা!
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনে একটি-দুটি নয় ১২টি কনসার্ট করবেন ‘ওয়াকা ওয়াকা’ তারকা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মাদ্রিদে এসব কনসার্টে মঞ্চ কাঁপাবেন তিনি। স্পেনে আন্তর্জাতিক শিল্পীদের জন্য এ ধরনের কনসার্ট প্রথমবার হতে যাচ্ছে বলে জানিয়েছে মাদ্রিদের সরকারি পর্যটন বিভাগ। বিশাল এই সংগীতযজ্ঞের আয়োজক ‘লাইভ নেশন এস্পানিয়া’। শাকিরা মঞ্চে উঠবেন ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং ২, ৩, ৪, ৯, ১০ ও ১১ অক্টোবর। আয়োজক সংস্থা এই সূচি প্রকাশ করেছে। স্টেডিয়াম এবং আয়োজন প্রসঙ্গে সামাজিক মাধ্যমে শাকিরা বলেছেন, ‘ওহ আমার ঈশ্বর, এই স্টেডিয়ামটি দেখতে অসাধারণ! মাদ্রিদে ইউরোপিয়ান আবাসিক কনসার্টে আপনাদের দেখতে আমার তর সইছে না!’ বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ন্যূনতম মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত। কনসার্টে বিশেষ শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যাকোস্টিক স্ক্রিন এবং দর্শকদের ধাপে ধাপে বের করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত কনসার্ট করার পরিকল্পনা থাকলেও দর্শকরা রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকতে পারবেন। বিশাল এই আয়োজনে প্রায় অর্ধলক্ষ দর্শকের প্রতিটি রাত নির্বিঘ্নে শেষ করাটা আয়োজকদের জন্য বিরাট চ্যালেঞ্জও বটে।
অবশ্য এই উৎসব কেবল কনসার্টেই সীমাবদ্ধ থাকছে না। শাকিরাকে ঘিরে ইবেরদ্রোলা মিউজিক এলাকায় গড়ে তোলা হচ্ছে একটি সাময়িক বিনোদন ও সাংস্কৃতিক পরিসর। প্রতি রাতে গড়ে ৫০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতির আশা করছেন আয়োজকরা। ১২টি শোতে প্রায় ছয় লাখেরও বেশি দর্শকের সমাগম হতে পারে। টিকিট বিক্রি প্রায় শেষ। কার্যত টিকিট হয়ে উঠেছে সোনার হরিণ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ন্যূনতম মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত। আয়োজনের বাড়তি আকর্ষণ ‘ম্যাকন্ডো পার্ক’। কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বিখ্যাত উপন্যাস ‘নিঃসঙ্গতার ১০০ বছর’-এর কাল্পনিক শহর ম্যাকন্ডো থেকে অনুপ্রাণিত হয়ে সজ্জিত করা হচ্ছে পার্কটি। যেখানে কেবল নাচ-গান নয়, শিল্প-সাহিত্য, খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনসহ নানা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে তুলে ধরা হবে ল্যাটিন আমেরিকান সংস্কৃতির নানা দিক। যার কেতাবি নাম ‘এস ল্যাটিনা’। এতে করে দর্শকেরা নিছক শাকিরার কনসার্ট নয় বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন।
অর্থাৎ কয়েক সপ্তাহের জন্য মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকা শুধু শাকিরার গানের মঞ্চই নয়, সংগীত, লাতিন সংস্কৃতি, খাবার, শিল্প ও বিনোদনের এক বিশাল মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বিশাল এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবেন শাকিরা—স্পেনে তার বহল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে। শাকিরার মাদ্রিদ প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে আছে স্পেনের সঙ্গে তার দীর্ঘ ব্যক্তিগত জীবনের গল্পও। বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কের সময় দীর্ঘদিন বার্সেলোনায় বসবাস করেছেন শাকিরা। কলম্বিয়ান পপ তারকার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কেটেছে এই স্পেনেই। দেশটি তার ঘরের মতোই। কিন্তু ২০২৩ সালে পিকে এবং শাকিরার পথ আলাদা হয়ে যায়। পরে সন্তানদের নিয়ে শাকিরা চলে যান যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। অবশেষে বহু বছর পর আবারও কনসার্ট নিয়ে স্পেনে ফিরছেন তিনি। তবে এবার বার্সেলোনা নয়, শাকিরার গন্তব্য স্পেনের রাজধানী মাদ্রিদ।