ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের সময় কমানোর পাশাপাশি অনলাইন নিরাপত্তা বাড়াতে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। আর এই বিধিনিষেধ আসেছে কিশোর-কিশোরীদের জন্য। নতুন বিধিনিষেধে প্রতিদিন অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণসহ রাতে অ্যাপগুলো ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, স্কুল চলাকালে নোটিফিকেশন পাঠানো বন্ধ রাখার পাশাপাশি অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হবে। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে চলা এক মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এসব বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা।
মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে নতুন বিধিনিষেধ ধাপে ধাপে আরোপ করা হবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাই-সংক্রান্ত কিছু পরিবর্তন কার্যকর করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন বিধিনিষেধের আওতায় কিশোর-কিশোরীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করতে পারবে। তবে অভিভাবকরা চাইলে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে সন্তানকে অতিরিক্ত সময় অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না এবং সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাদের কাছে ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোটিফিকেশন পাঠানো হবে না। দীর্ঘ সময় ধরে অ্যাপ ব্যবহার করলেও সতর্কবার্তা দেখানো হবে।